মতিয়ার বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০টি কেন্দ্রে ভোট ডাকাতি, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোটগ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টা আগে শেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বাদশা নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, প্রশাসন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর পক্ষে কাজ করেছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।
নকলা ও নালিতাবাড়ী এই দুই উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। নকলায় ভোটকেন্দ্র ৬৩টি এবং নালিতাবাড়ীতে কেন্দ্র ৭১টি। বদিউজ্জামান বাদশার অভিযোগ নকলার ৫০টি কেন্দ্র সম্পর্কে। এর মধ্যে একটি গণপদ্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল পৌনে নয়টায় ওই কেন্দ্রের ছয়টি বুথের সব কয়টিতে বাদশার পোলিং এজেন্ট দেখতে পাওয়া যায়। সাংবাদিকেরা চলে যাওয়ার পর এই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। বাদশার সমর্থক ও পোলিং এজেন্টরা এর বিরোধিতা করলে তাঁদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। মো. নুহু ইসলাম ৬ নম্বর বুথে, নজরুল ইসলাম ৫ নম্বর বুথে এবং সোহেল রানা ৩ নম্বর বুথে বাদশার পোলিং এজেন্ট ছিলেন। বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কেন্দ্রে জাল ভোট চলছে এবং তাঁদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন মতিয়া চৌধুরীর লোকজন। অভিযোগ শুনে ওই কেন্দ্রে হাজির হন বাদশা।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাদশাকে বোঝানোর চেষ্টা করেন যে কিছু ঘটলে তাঁর অজ্ঞাতে ঘটেছে। অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়ার কথা বলা হলেও বাদশার এজেন্টরা আর কেন্দ্রের ভেতরে যাননি।
শেষ এক ঘণ্টায় মাত্রাতিরিক্ত ভোট
গণপদ্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শেষ এক ঘণ্টায় ৫২৬ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৪৪ জন। সকাল আটটা ৪৫ মিনিটে ভোট পড়েছিল ৫০টি। বেলা সাড়ে ১১টায় ৯০৫টি। দুপুর তিনটায় এক হাজার ৫১৪টি। শেষ এক ঘণ্টায় ভোট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৪০টি। এর মধ্যে বাদশা পায় ৩৪ ভোট। অর্থাৎ এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ শতাংশ।