মতীনের পেছনে কারা ছিল তাদের খুঁজে বের করতে হবে: সফিউল্লাহ
সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম অভিযোগ করে বলেছেন, মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে জামায়াতিরা আজ তাদের লোক ঢোকানোর চেষ্টা করছে। তা না হলে, আবদুল মতীন কীভাবে এই ট্রাইব্যুনালে ঢুকলেন? সফিউল্লাহ আরও বলেন, মতীনকে ঢোকানোর পেছনে কারা কলকাঠি নেড়েছে, তাদের খুঁজে বের করতে হবে। তা না হলে বিচারকাজ সঠিকভাবে করা যাবে না।গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে জেলা সেক্টর কমান্ডারস ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সফিউল্লাহ এসব কথা বলেন।দেশের প্রতিটি গণকবর সংরক্ষণের আহ্বান জানিয়ে কে এম সফিউল্লাহ বলেন, ‘গণকবরের পাশাপাশি ধিক্কার-স্তম্ভ স্থাপন করতে হবে। এই স্তম্ভে গণহত্যায় অংশ নেওয়া রাজাকার-আলবদরদের নাম খোদাই করে রাখতে হবে। বিশেষ বিশেষ দিবস পালনের সময় শিশুদের সঙ্গে নিয়ে গণকবরে ফুল দিতে হবে এবং ধিক্কার স্তম্ভে নিক্ষেপ করতে হবে পাথর ও থুতু। পাথর ও থুতু নিক্ষেপের কারণ শিশুদের বুঝিয়ে বলতে হবে। দুরবিন দিয়ে দেখেও জামায়াতের মধ্যে যুদ্ধাপরাধী পাওয়া যাবে না—জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের এ দাবি নাকচ করে দিয়ে মুক্তিযুদ্ধকালের তিন নম্বর সেক্টরের কমান্ডার সফিউল্লাহ বলেন, ‘দুরবিন নয়, খালি চোখেই বলে দিতে পারব আপনারা কে কী করেছেন।’ বিশেষ অতিথির বক্তব্যে ফোরামের অপর ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম বলেন, দেশকে রক্ষা করতে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ’৭২-এর সংবিধান প্রবর্তনের মাধ্যমে।ফরিদপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলি, রাজবাড়ী জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. মোহসীনউদ্দীন, কর্নেল (অব.) মো. গোলাম মোস্তফা, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. সাত্তার ফকির, ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান, অধ্যাপক নায়ার সুলতানা, আবদুর রহমান ব্যাপারী প্রমুখ। মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন গত বুধবার স্বেচ্ছায় পদত্যাগ করেন। ছাত্রজীবনে মতীন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ ওঠার পর তিনি সরে দাঁড়ান।