মতৈক্যের ভিত্তিতে ইসি নিয়োগ চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ পদ্ধতি ও নির্বাচনী আইন সংস্কার সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে করার প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া তারা জনগণকে সচেতন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর পরামর্শ দিয়েছে ইসিকে। গতকাল রোববার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলের সংলাপে দলের পক্ষ থেকে এসব প্রস্তাব ও পরামর্শ দেওয়া হয়। নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অধিকতর সংশোধন আইন (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিধিমালা-২০১১ (প্রস্তাবিত), প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন-২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী প্রচারণা ব্যয় (জনতহবিল) আইন-২০১১ (প্রস্তাবিত) নিয়ে গত ৭ জুন থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমে গতকাল তা শেষ হয়। গতকাল সংলাপের সমাপনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের মতামত শুনতে এসেছি। এটা বলব না যে, তাদের বক্তব্য যুক্তিযুক্ত নয়। তাদের প্রস্তাবের প্রাসঙ্গিকতা আছে। তবে আমাদের দলীয় সভানেত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা করে এসব ব্যাপারে মতামত দেব।’ সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচনী আইন সংস্কার নিয়ে কেবল আমাদের একার মত দিলেই হবে না, অন্য দলের মতামতও লাগবে। সবাই একমত হলে প্রয়োজনে নতুন আইন করা যাবে।’ তিনি বলেন, ‘আমরা চাই সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন।’ সৈয়দ আশরাফের বক্তব্যের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হক বলেন, ‘আজকেই (গতকাল) আমাদের সংলাপ শেষ। ডিসেম্বরের মধ্যে আইন করতে হবে।’ তখন তোফায়েল আহমেদ বলেন, ‘এ আইন করার জন্য সবার মতৈক্যের প্রয়োজন। আপনারা সবার সঙ্গে আলোচনা করেন। তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই আইন করা যাবে।’প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনারা সবাইকে সংলাপে নিয়ে আসতে পারবেন। ২০০৮ সালে পেরেছেন, এবারও পারবেন।’ তিনি প্রস্তাবিত আইনগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক দফা সংলাপের প্রয়োজন বলে মত দেন।সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা চাই সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচনী আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।’ সংলাপের শুরুতে সিইসি প্রস্তাবিত আইন প্রণয়নের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। এরপর ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হয়। এ পদ্ধতিতে ঘণ্টায় ৩০০ ভোট দেওয়া যাবে বলে নেতাদের জানানো হয়।এ সম্পর্কে সিইসি বলেন, সংবিধান অনুসারে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যা করার প্রয়োজন তাই করতে পারে। তিনি জানান, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে।অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত ও সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ইভিএম পদ্ধতির প্রশংসা করেন। তবে সৈয়দ আশরাফ এ সম্পর্কে বলেন, এ জন্য জাতিকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোর প্রয়োজন আছে। এ পদ্ধতি সম্পর্কে দলীয় মতামত না দিয়ে তিনি বলেন, ‘আমরা এখন না হলেও পরে দলের পক্ষ থেকে এ ব্যাপারে চূড়ান্ত মতামত দেব।’এ ছাড়া জনতহবিল আইন সম্পর্কে আওয়ামী লীগের নেতারা ইসির উদ্দেশ্যে বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের সময় আমরা এ আইনের কথা বলেছিলাম। কিন্তু আপনারা তখন তা প্রত্যাখ্যান করেছিলেন। আর সীমানা নির্ধারণ করার কথা ১০ বছর পর পর। ২০০৭ সালে সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয়। সাত বছর বাকি থাকতেই এখন আবার কেন সীমানা নির্ধারণ করতে চাইছেন।’জবাবে সিইসি বলেন, গত ১৮ বছরে সঠিকভাবে সীমানা নির্ধারণ হয়নি। আর জনতহবিল আইন করার মতো পর্যাপ্ত সময় তখন ছিল না। সংলাপে সিইসি, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফ, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু, নূহ উল আলম লেনিন প্রমুখ।