মতৈক্যের ভিত্তিতে দরপত্র নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি!
বান্দরবানে দরপত্র সমঝোতা কমিটি গঠন করে ছাত্রলীগ ও ছাত্রদলের জেলা সভাপতি মতৈক্যের ভিত্তিতে দরপত্র নিয়ন্ত্রণের নেতৃত্ব দিচ্ছেন। তবে তাঁরা বলেছেন, নিয়ন্ত্রণ নয়, নিজেরাও ঠিকাদার হওয়ায় ঠিকাদারদের কল্যাণে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি পদ্ধতি গড়ে তুলেছেন এবং ঠিকাদারেরা তাঁদের এ দায়িত্ব দিয়েছেন।নতুন পদ্ধতি অনুযায়ী, দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারেরা শিডিউল (দরপত্রে অংশগ্রহণের বায়নাপত্র) কিনে সমঝোতা কমিটির কাছে দাখিল করেন। কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব আয়োজিত লটারিতে যিনি বিজয়ী হবেন, শুধু তিনি দরপত্রের বাক্সে শিডিউল জমা দিতে পারবেন।জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেছেন, সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) অনুযায়ী লটারির কোনো সুযোগ নেই। সর্বনিম্ন দরদাতা দরপত্র পেয়েছেন বলে ঘোষণা করা হয়। কিন্তু ঠিকাদারেরা দপ্তরের বাইরে লটারি করলে তাঁদের করার কিছু নেই।ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ ঠিকাদারদের অনেকে বলেছেন, কয়েক মাস আগে গঠিত দরপত্র সমঝোতা কমিটির আহ্বায়ক জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান ও সদস্যসচিব জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান। তাঁরা জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) আহ্বান করা দরপত্রের কাজ লটারি করে ভাগ-বাঁটোয়ারা করে দেন।ঠিকাদার খায়ের আহমেদ ও উজ্জ্বল দাশ বলেছেন, আগে কম দরে দরপত্রে অংশগ্রহণ করে ঠিকাদারেরা ক্ষতিগ্রস্ত হতেন। কিন্তু সরকারের লাভ হতো। এখন কমিটির মাধ্যমে লটারি হওয়ায় লটারিতে বিজয়ী ঠিকাদারই একমাত্র অংশগ্রহণকারী হিসেবে সমদরে (দরপত্রে উল্লিখিত দরে) কাজ পেয়ে যান। অবশ্য বিজয়ী ঠিকাদারের সমর্থনে আরও কয়েকজন ঠিকাদার প্রক্সি শিডিউল (দরপত্রে অনেকে অংশগ্রহণ করেছেন দেখানোর জন্য শিডিউল) দরপত্রের বাক্সে জমা দিয়ে থাকেন।সাবিকুর রহমান বলেছেন, দরপত্রে উপজাতীয় কোটার কাজগুলোতে অনেক আগে থেকে উপজাতীয় ঠিকাদার সমিতি লটারি করে থাকে। তাদের কাছ থেকে জেনেই তাঁরাও একটি সমঝোতা কমিটি করে সেভাবে কাজ করছেন।তৌহিদুর রহমান বলেছেন, সরকার-নির্ধারিত মূল্যে শিডিউল কিনে দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারেরাই লটারিতে অংশ নিতে পারেন। দরপত্র নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঠিকাদারেরা সবাই তাঁদের দুজনকে দায়িত্ব দিয়েছেন। এতে দোষের কিছু নেই। তাঁরা সরকারের ক্ষতি না করে ঠিকাদারদের স্বার্থে কাজ করছেন।লুৎফর রহমান বলেছেন, তাঁরা বাইরে ঠিকাদারদের লটারি সম্পর্কে শুনেছেন। কিন্তু দাপ্তরিক এখতিয়ারের বাইরে গিয়ে ঠিকাদারেরা সমঝোতা করলে তাঁদের করার কিছু থাকে না। ক্রয় হওয়া অধিকাংশ শিডিউল দরপত্রের বাক্সে জমা দেওয়া হয় না বলেও তিনি স্বীকার করেছেন।