মতৈক্যের ভিত্তিতে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। গতকাল বুধবার দুপুরে বার কাউন্সিল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। খন্দকার মাহবুব বলেন, ‘দেশের গণতান্ত্রিক পরিবেশ আজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তাই আমরা সরকারকে অবিলম্বে ক্ষমতা ধরে রাখার জন্য চরম একগুঁয়ে আচরণ পরিত্যাগের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে অগণতান্ত্রিক পদ্ধতির আশ্রয় ত্যাগ করে দেশের সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে বর্তমান সংঘাতময় পরিস্থিতি থেকে দেশবাসীকে রক্ষা করার আহ্বান জানাচ্ছি।’অবিলম্বে সব রাজনৈতিক দলের গ্রেপ্তার করা নেতাদের মুক্তির দাবি জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘আইনজীবী সমাজ অনির্দিষ্টকালের জন্য সরকারের দমন নীতি কার্যক্রম যথা, নির্যাতনমূলক মিথ্যা মামলা, হামলা, মানুষ হত্যা ও মানবাধিকার লঙ্ঘন মেনে নেবে না। এর প্রতিকারের জন্য তারা মাঠে নামতে বাধ্য হবে এবং তার পরিণতি সরকারের জন্য শুভ হবে না।’ এ ছাড়া বার কাউন্সিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কাজে নিয়োজিত বিচারকদের দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান খন্দকার মাহবুব।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব অভিযোগ করেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে বিশেষ করে নিম্ন আদালতকে তাদের দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ অনেক রাজনৈতিক নেতাকে মিছিল-সমাবেশে গাড়ি ভাঙা ও ককটেল নিক্ষেপ ইত্যাদি হাস্যকর অভিযোগে মিথ্যা মামলা দিয়েছে। নিম্ন আদালত তাঁদের জামিন নাকচ করে দিয়ে ক্ষমতাসীন দলের ইচ্ছার সহায়ক ভূমিকা রেখে দেশবাসীর কাছে আজ বিচার বিভাগকে কলঙ্কিত করছে।’ ‘বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর নির্যাতনের’ প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন। চার আইনজীবীর মুক্তি দাবি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, আইনজীবী সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আবেদ রাজা ও রুহুল কবির রিজভীর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে করা ‘হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। ৯ এপ্রিল সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দাবি জানানো হয় বলে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।