মথুরাপুরের দুই ইউপি চেয়ারম্যানই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা ও নবনির্বাচিত দুই চেয়ারম্যানই এখন জেলহাজতে। দুজনই পৃথকভাবে জামিন নিতে গেলে আদালত তাঁদের কারাগারে পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৫ সালে ইউনিয়নের প্রতাবখাদুলি গ্রামের বিএনপির নেতা শফিউর রহমানের ছেলে ও ছাত্রদল নেতা সাজেদুর রহমানের (২৪) লাশ ঢাকার গাজীপুর জেলার জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ি পুলিশ জয়দেবপুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের চাচা নরুন্নবী বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ মথুরাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। গত সোমবার হারুন অর রশিদ গাজীপুর জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুবুর রহমানের বিরুদ্ধে ধুনট থানা-পুলিশ ২০১৩ সালে বিস্ফোরক আইনে মামলা করে। গত বুধবার সকালে তিনি ওই মামলায় বগুড়া আদালতে জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই চেয়ারম্যানই পৃথক দুটি মামলায় এত দিন পলাতক ছিলেন।