মদ ব্যবসার মাসোহারা চুক্তি করতে গিয়ে ধরা
ঢাকার সাভারে ঘুষের ২০ হাজার টাকাসহ সত্য সাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে জব্দ করেছে ১১০ লিটার দেশীয় মদ। দুই যুগের বেশি সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যকে ঘুষ দিয়ে তিনি সাভারের নামাবাজারে মাদক ব্যবসা করছেন বলে অভিযোগ রয়েছে।
সাভারে ডিবির পরিদর্শক শাহীন শাহ পারভেজ প্রথম আলোকে বলেন, সম্প্রতি তিনি সাভারে বদলি হয়ে আসেন। তাঁর সঙ্গে কথা বলতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাভার থানা রোডে ডিবি কার্যালয়ে আসেন সত্য সাহা। এ সময় তিনি মাসে ৫০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিরাপদে মদের ব্যবসা চালাতে সহায়তা করার অনুরোধ জানান। একপর্যায়ে সত্য সাহা তাঁকে ২০ হাজার টাকা অগ্রিম দেন। তিনি ওই প্রস্তাবে সাড়া না দিয়ে ওই টাকাসহ তাঁকে গ্রেপ্তার করেন। এরপর নামাবাজারে সত্য সাহার গুদাম থেকে ১১০ লিটার দেশীয় মদ জব্দ করেন।
ডিবি হেফাজতে সত্য সাহা প্রথম আলোকে বলেন, অনেক সংস্থাকেই তিনি মাসোহারা দিয়ে মদের ব্যবসা করেন। এরই অংশ হিসেবে তিনি ডিবির নতুন পরিদর্শকের সঙ্গে চুক্তি করতে এসেছিলেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ করিম বলেন, গ্রেপ্তারের পর সত্য সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
সাত বস্তা ফেনসিডিল উদ্ধার: ঢাকা জেলা ডিবি পুলিশ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় একটি লরির ভেতর থেকে সাত বস্তা ফেনসিডিল জব্দ করে। এ সময় লরির চালক বাপ্পি মিয়া, তাঁর সহযোগী শ্যামল খান ও বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
ডিবির পরিদর্শক শাহীন শাহ পারভেজ জানান, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা যমুনা অয়েল কোম্পানির তেলবাহী একটি খালি লরির ভেতরে সাতটি প্লাস্টিকের বস্তায় এক হাজার ৭০০ বোতল ফেনসিডিল নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছিল।