চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার মদদদাতাদের বহিষ্কারের সময়সূচি বেঁধে (আল্টিমেটাম) দিয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হকের অনুসারীরা।তারা একই দাবিতে গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পানি ছিটানোর ঘটনায় গত শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী আহত হন এবং পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি বর্মণ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নাজমুল, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, অর্থ সম্পাদক আবু কায়সার রনির মদদে ওই দিনের সংঘর্ষের ঘটনার ঘটে। তাঁরাই ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তাই তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য প্রক্টরের কাছে দাবি জানিয়েছি।’