মদন পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন স্নাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন পৌরসভার নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন স্নাতক পাস। তিনটি সংরক্ষিত ওয়ার্ডের নয়জন প্রার্থীর মধ্যে একজন সর্বোচ্চ এইচএসসি পাস। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামা ঘেঁটে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডের মির্জা রাজন মিয়া বিএসএস (স্নাতক), শিপুল মিয়া এইচএসসি পাস ও মির্জা জামাল স্বশিক্ষিত। ২ নম্বর ওয়ার্ডের একরাম হোসেন এসএসসি পাস ও হক্কু মিয়া স্বশিক্ষিত। ৩ নম্বর ওয়ার্ডের স্বপন মিয়া পঞ্চম শ্রেণি পাস, কাইয়ুম মিয়া, জাহাঙ্গীর আলম ও ফজর আলী স্বশিক্ষিত। ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণ চন্দ্র দাস এইচএসসি, দেওয়ান সাইফুর রহমান এসএসসি এবং ক্ষুদিরাম চন্দ্র দাস ও আবদুল্লাহ্‌ আল মামুন স্বশিক্ষিত। ৫ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম এইচএসসি, রিপন মিয়া ও সৈয়দ আবদুল ছাত্তার অষ্টম শ্রেণি পাস এবং শেখ বদরুল ইসলাম স্বশিক্ষিত। ৬ নম্বর ওয়ার্ডের সানাউল হক এসএসসি ও ঈশা খান স্বশিক্ষিত। ৭ নম্বর ওয়ার্ডের হারেছ খান অষ্টম শ্রেণি পাস, পার্থ নাথ বৈশ্য স্বশিক্ষিত ও ফয়সাল খান অক্ষরজ্ঞানসম্পন্ন। ৮ নম্বর ওয়ার্ডের মাসুদ রানা দাখিল পাস, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম তালুকদার, সুলতান উদ্দিন ও ওয়াছেক মিয়া স্বশিক্ষিত। ৯ নম্বর ওয়ার্ডের আল আমিন উচ্চ মাধ্যমিক (আলিম), শহীদুল ইসলাম এইচএসসি, শরিফুল আলম খান এসএসসি, ছিদ্দিক ভূঁইয়া স্বশিক্ষিত ও জামাল হোসেন অক্ষরজ্ঞানসম্পন্ন।

হলফনামায় আরও দেখা যায়, ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের আফরোজা আক্তার এইচএসসি পাস, কামরুন্নাহার স্বশিক্ষিত। ২ নম্বর সংরক্ষিত আসনের চার প্রার্থীর মধ্যে দীপা বেগম অষ্টম শ্রেণি, মঞ্জু রানী মিনতি পঞ্চম শ্রেণি, কমলা খাতুন ও হাবিবা আক্তার স্বশিক্ষিত। ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ফিরোজা বেগম ও আছমা আক্তার অষ্টম শ্রেণি ও হাসিনা পারভীন পঞ্চম শ্রেণি পাস।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশীদ শাহরিয়র বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বিধান রাখেনি। তাই যে কেউ মনোনয়নপত্র দাখিল করতে পারেন।