সিলেটের মদনমোহন কলেজে ‘বদমাশ’ ছাত্রনেতাদের তৎপরতা ঠেকাতে শেষ পর্যন্ত মামলা করতে বাধ্য হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। গত রোববার কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ চাঁদা চেয়ে না পাওয়ায় অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তাঁকে প্রধান আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বাদী হয়ে এজাহার দাখিল করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় ছাত্রলীগ নেতা অরুণের নাম উল্লেখ করে তাঁর সঙ্গী আরও ১৫ জনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, রোববার কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাস বন্ধ ছিল। বিকেলে প্রাক্তন ছাত্র অরুণ দেবনাথ তাঁকে (অধ্যক্ষ) ফোন করে ক্যাম্পাসে এনে পূজা উপলক্ষে চাঁদা দাবি করেন। কলেজ পরিচালনা কমিটির অনুমোদন ছাড়া কোনো টাকা দেওয়া হবে না সাফ জানিয়ে দিলে অরুণ শিক্ষকদের অশালীন ভাষায় গালমন্দ শুরু করেন। একপর্যায়ে তিনিসহ (অরুণ) তাঁর সঙ্গে থাকা ১০-১৫ জন ‘অনুসারী’ (ছাত্রলীগের কর্মী) অধ্যক্ষের কক্ষের চেয়ার, দরজা-জানালা ভাঙচুর করে চলে যান।
আবুল ফতেহ ফাত্তাহ প্রথম আলোকে বলেন, ‘কলেজ পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হয়েছে। আশা করি পুলিশ আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে সহায়তা করবে।’
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মদনমোহন কলেজে ভর্তি পরীক্ষার ৭০ লাখ টাকা মেরে দেওয়ার একটি ঘটনা গত বছরের সেপ্টেম্বর মাসে ফাঁস হয়ে যায়। স্থানীয় সাংসদ হিসেবে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২৪ সেপ্টেম্বর সিলেটে সংবাদ সম্মেলন করে মদনমোহন কলেজের ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে ভর্ৎসনা করেন। এরপর থেকে মদনমোহন কলেজে ভর্তির টাকা লুটপাটকারী ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা ‘বদমাশ’ বলে অভিহিত হচ্ছিলেন।