নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করায় সিলেটের মদনমোহন কলেজের একজন শিক্ষককে পরীক্ষা ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার অব্যাহতির নোটিশ দিয়ে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কলেজের নির্বাচনী পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি প্রশ্নপত্রের ২৪ নম্বর প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই জাতি মুক্তির স্বাদ আস্বাদন করতে পেরেছে।’ তিনি ছিলেন— ১. অবিসংবাদিত নেতা ২. জাতির মুক্তির দিশারী ৩. জাতির কলঙ্ক. ৪. নিচের কোনটি সঠিক ক. ১ ও ২ খ. ১ ও ৩ গ. ২ ও ৩ ঘ. ১, ২ ও ৩।’ এভাবেই প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছিল। প্রশ্নপত্রের একটি অংশে ‘জাতির কলঙ্ক’ শব্দ ব্যবহার করায় বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে বলে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা অভিযোগ করেন। পরীক্ষা শেষে বেলা একটার দিকে সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে অবরোধ করে রাখে। দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলে। পরে জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ প্রথম আলোকে বলেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আহমদ হোসেনকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক ফরিদ আহমদ বলেন, ‘বিষয়টি অসাবধানতাবশত হয়েছে বলে আমি ক্ষমাপ্রার্থী।’