মদনে ওএমএসের আরও ১৮০ বস্তা চাল জব্দ
নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে মজুদ করা ওএমএসের আরও ১৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন গতকাল রোববার অভিযান চালিয়ে দুই ডিলারের গুদাম থেকে এসব চাল উদ্ধার করে।স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল কাদের ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেনের নেতৃত্বে দুপুরে উপজেলা সদরের মহিউদ্দিন মার্কেট, লন্ডনি মার্কেট, নতুন ও দেওয়ান বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মহিউদ্দিন মার্কেটের শাহ আলম ও নতুন বাজারের সেলিম মিয়ার গুদাম থেকে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে দেওয়া ওএমএসের ১৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। তাঁরা দুজনই ওএমএস ডিলার। তবে অভিযানের খবর পেয়ে দুই ব্যবসায়ীই সটকে পড়েন।ইউএনও আবদুল কাদের বলেন, অবৈধভাবে ওএমএসের চাল মজুদের সন্দেহে এসব গুদাম আগে থেকেই প্রশাসনের নজরদারিতে ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এদিকে ওসি কামরুল হোসেন বলেন, জব্দ করা চাল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, এর আগে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার মহিউদ্দিন মার্কেট থেকে ওএমএসের আরও দেড় হাজার বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাধন চন্দ্র সাহা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাইদুর রহমানকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।