মদনে ওএমএসের দেড় হাজার বস্তা চাল জব্দ, যুবলীগের নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে মজুদ করার অভিযোগে ওএমএসের দেড় হাজার বস্তা চাল জব্দ করা হয়েছে। র্যাবের সদস্যরা গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল উদ্ধার করেন। এ ঘটনায় সাইদুর রহমান নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি মদন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব ময়মনসিংহ-৯ ক্যাম্পের একটি দল বিকেলে অভিযান চালায়। এ সময় মহিউদ্দিন মার্কেটের চাল ব্যবসায়ী ও যুবলীগের নেতা সাইদুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ীর গুদাম থেকে মজুদ করা খোলা বাজারে বিক্রির (ওএসএস) প্রায় দেড় হাজার বস্তা চাল উদ্ধার করা হয়। এর মধ্যে সাইদুর রহমানের গুদাম থেকে সবচেয়ে বেশি চাল উদ্ধার করা হয়। এসব গুদাম থেকে ওএমএসের সরকারি সিলযুক্ত অনেক খালি বস্তাও উদ্ধার করা হয়। এ সময় সাইদুর রহমানকে আটক করা হয়। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার আহমদ।নাম প্রকাশ না করার শর্তে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, উদ্ধার করা চালের বস্তার সংখ্যা এক হাজার ৫৫৫টি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এ বিষয়ে মদন উপজেলার সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. আজিজুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন প্রথম আলোকে বলেন, যৌথ অভিযানে জব্দ করা চাল থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হবে।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম কাদেরের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।