মদনে যাত্রীবাহী ট্রলারে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
নেত্রকোনার মদন উপজেলায় গত রোববার যাত্রীবাহী ট্রলারে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা সোমবার ট্রলারমালিক শফিকুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শফিকুল ও তাঁর কর্মচারী জামালকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে এক তরুণী (১৮) উপজেলার দেওয়ান বাজার ঘাট থেকে একটি ট্রলারে ওঠেন। পর্যায়ক্রমে অন্য যাত্রীরা নেমে যায়। ট্রলারের মালিক উপজেলার মাঘান গ্রামের শফিকুল (২৭) মেয়েটিকে গন্তব্যে না নামিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। শফিকুল, তাঁর দুই কর্মচারী জামাল (২৫) ও মাসুম (২৫) ট্রলারটি কলাগাতী হাওরের মাঝখানে নিয়ে যান। সেখানে নিয়ে তাঁরা তরুণীটিকে ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় তাঁরা মেয়েটিকে তাঁর মামার বাড়ির ঘাটে রেখে চলে যান। তিনি বাড়ি ফিরে তাঁর স্বজনদের ঘটনাটি জানান।
মদন থানার পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বয়স নির্ধারণের জন্য গতকাল মঙ্গলবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম প্রথম আলোকে বলেন, সোমবার রাতেই শফিকুল ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি মাসুম পলাতক।