মদিনার প্রাণকেন্দ্র মসজিদে নববি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদিনার মসজিদে নববিতে গতকাল শুক্রবার জুমার নামাজের অপেক্ষায় মুসল্লিরা l প্রথম আলো
মদিনার মসজিদে নববিতে গতকাল শুক্রবার জুমার নামাজের অপেক্ষায় মুসল্লিরা l প্রথম আলো

আমরা ৪০ ওয়াক্ত নামাজ মসজিদে নববিতে জামাতের সঙ্গে আদায়ের জন্য এসেছি। আমরা মসজিদে নববিতে গেলাম ফজরের নামাজের সময়। নামাজ আদায় করলাম। শুক্রবার হওয়ায় সকাল থেকেই লোকজন জড়ো হতে থাকেন। হজের পরে হাজিরা মদিনায় অবস্থান করছেন। জুমার নামাজে তাই ভিড় ছিল প্রচুর।
সুন্দর শহর। রাস্তার পাশে কয়েকটি পাঁচতারা হোটেল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদ কমপ্লেক্সটিও বিশাল এবং আধুনিক স্থাপত্যরীতিতে তৈরি। অবশ্য অটোমান সাম্রাজ্যের আমলে তৈরি পুরোনো মসজিদটি এখনো আছে, যা এখন বিশাল মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। মসজিদের চারদিকে বিশাল চত্বর। সেই চত্বরে কিছু দূর পর পর ছোট ছোট পাকা ঘর। সেখান থেকে চলন্ত সিঁড়ি নিচে নেমে গেছে। মাটির নিচে আরও চারতলা।
মসজিদে নববি আধুনিক স্থাপত্যশিল্পের এক অনুপম নিদর্শন। বিশাল আয়তন, অপরূপ কারুকার্য, আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা যেকোনো লোককেই মুগ্ধ করার জন্য যথেষ্ট। মসজিদে নববির খোলা প্রাঙ্গণের অন্যতম সেরা আকর্ষণ বিশাল ছাতা। শক্ত স্তম্ভের শীর্ষভাগে ছাতাগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে যখন বন্ধ থাকবে, তখন স্তম্ভের একটি অংশই মনে হয়। কিন্তু যখন রোদ ওঠে, তখন স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে ছাতা খুলে যায়। প্রখর রোদে ছাতার নিচে দুই দণ্ড বিশ্রাম যেন বৃক্ষছায়াতলে বিশ্রামের মতো।
সবুজ গম্বুজের নিচে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবস্থিত। নবীর রওজা মোবারকের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন হজরত আবু বকর (রা.) এবং হজরত ওমর (রা.)। রওজা মোবারক জিয়ারত করার জন্য একটি নির্দিষ্ট দরজা (বাবে সালাম) দিয়ে প্রবেশ করতে হয়। তারপর লাইনে দাঁড়িয়ে অগ্রসর হতে হয় ধীরে ধীরে। কিছু দূর অগ্রসর হয়ে যখন বাঁ দিকে নবীর রওজা মোবারক দৃষ্টিগোচর হয়, তখন খুব কম লোকের পক্ষেই অশ্রু সংবরণ করা সম্ভব হয়। অশ্রুসিক্ত হয়ে প্রাণের সব আকুতি মিশিয়ে নবীকে সালাম জানালাম। তারপর হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.)কে সালাম জানিয়ে বহির্গমন (বাবে বাকি) দরজা দিয়ে বাইরে এলাম। যেহেতু সব সময় শত শত লোক জিয়ারতের উদ্দেশ্যে এই স্থানে প্রবেশ করছেন, সে জন্য রওজা মোবারকের সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। হাঁটতে হাঁটতেই সালাম দিতে হয়। লোকের চাপে কখন যে বেরিয়ে গেছি, টের পাইনি। পেছনের গেট দিয়ে বেরিয়ে ঘুরে দেখে নিলাম গম্বুজের সৌন্দর্য।
মসজিদে নববির ভেতরেই একটা জায়গা আছে, যাকে বলে রিয়াজুল জান্নাত বা জান্নাতের টুকরা। চেনার উপায়, সেখানে কার্পেটের রং সাদা। মসজিদের অন্যান্য জায়গায় কার্পেটের রং লাল। সেখানে পৌঁছে মসজিদের ভেতরে নামাজ পড়লাম। তারপর সুযোগ করে চলে গেলাম নবীজির খুতবা দেওয়ার জায়গাটায়। জায়গাটা রাসুল (সা.)-এর কবর ও মিম্বরের মাঝামাঝি। মাথা ঠেকে যায় এমন উচ্চতায় মার্বেল পাথরের ছাউনি দিয়ে ঢাকা। সেখানে নামাজ পড়লাম আরও দুই রাকাত।
কারও মাথায় টুপি, কারও মাথায় পাগড়ি, কারও মাথা খালি। টুপিও কত রকমের। কোনোটি গোল, কোনোটি চৌকোনা, কোনোটি উঁচু, কোনোটি লম্বা। পরনের কাপড়েও বৈচিত্র্য আছে। আফ্রিকার মানুষেরা পরেছেন রঙিন পাঞ্জাবি, তুর্কিরা পরেছেন একই ধরনের সাফারি। পোশাকেও দেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়।