মদীনাতুল উলূম মহিলা কামিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার বার্ষিক মেধা পুরস্কার বিতরণী গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ তাজুল আলম। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে ১৬টি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পাটোয়ারী, মদীনাতুল উলূম বালক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, রহমতে আলম ইসলাম মিশনের তত্ত্বাবধায়ক মাওলানা নজরুল ইসলাম, মদীনাতুল উলূম মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মজির উদ্দিন ও ইংরেজি বিভাগের শিক্ষক হোসনে আরা বেগম।১৯৬১ সালে শেখ মুখলেছুর রহমান (রহ.) মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে মাদ্রাসা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি মঞ্জুরি লাভ করে। মহিলা মাদ্রাসায় বর্তমানে মোট ছাত্রীর সংখ্যা ৯৫০। এর মধ্যে আবাসিক ছাত্রী ৬০০ জন, যাদের সবাই এতিম। এ ছাড়া অনাবাসিক ছাত্রীর সংখ্যা ৩৫০। ছেলেদের জন্য একটি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে তেজগাঁও কেন্দ্রে ৬০০ জন এবং উত্তরা কেন্দ্রে ১০০ জন পড়াশোনা করে।১৯৯৪ সালে মাদ্রাসায় কামিল শ্রেণীতে (মাস্টার্স সমতুল্য) পাঠদান চালু হয়, যা বাংলাদেশে প্রথম মহিলা কামিল মাদ্রাসা। ২১ সদস্যবিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড দিয়ে বালক ও মহিলা কামিল মাদ্রাসা পরিচালিত হয়। এতিমখানা হলেও প্রতিষ্ঠানটি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পাস করে ছাত্রছাত্রীরা আইডিয়াল স্কুল, হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানী ঢাকা ও এর বাইরে বিভিন্ন নামী-দামি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।নানা সমস্যা ও আর্থিক অনটনের পরও মাদ্রাসাটি তিনবার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ তাজুল আলমও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।