মদুনাঘাটে স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত মদুনাঘাটে ‘অবৈধ’ স্থাপনা ভেঙে দিয়েছেন। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। ওই জায়গার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে বলে জানা গেছে। আদালত সূত্র জানায়, হালদা কনসোর্টিয়াম নামের একটি প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড থেকে মদুনাঘাটের ৭৪ শতক জমি ইজারা নেয়। ২০০৬ সালে নেওয়া ইজারার মেয়াদ আছে ২০১৪ সাল পর্যন্ত। ইজারার শর্তাবলি মানা হয়নি বলে পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি হালদা কনসোর্টিয়ামকে একটি চিঠি দেয়। এই চিঠির বিরুদ্ধে হাইকোর্টে যায় হালদা কনসোর্টিয়াম। উচ্চ আদালত চিঠির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখে। এ অবস্থায় গতকাল ওয়াসার পক্ষে ভ্রাম্যমাণ আদালত হালদার দেয়াল ভেঙে দেয়। ভ্রাম্যমাণ আদালতের হাকিম কাজী মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গার কিছু অংশ ওয়াসাকে এবং আরও কিছু অংশ হালদা কনসোর্টিয়াম নামের একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়। হালদা কনসোর্টিয়াম ওয়াসার জায়গায় দেয়াল নির্মাণ করছিল। এতে ওই জায়গায় জাপানি বিশেষজ্ঞদের কাজ করতে সমস্যা হচ্ছিল। সেখানে ওয়াসার পানি শোধন স্থাপনা হওয়ার কথা রয়েছে। আমরা আইন মেনেই আদালত পরিচালনা করেছি।