মদ্যপ চালকের হেয়ালিতে নারী রক্তাক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ্যপ এক ব্যক্তির হেয়ালিতে গাড়ি চাপা পড়ে রক্তাক্ত হয়েছেন আছিয়া খাতুন (৫৫) নামে এক নারী। চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বিজেএমইএ বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে ওই এলাকার হোসেন টাওয়ারের নিচ তলার পার্কিংয়ে কলসিতে পানি ভরছিলেন আছিয়া খাতুন। এ সময় মদ্যপ অবস্থায় আসেন মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি। নেশার ঘোরে তিনি এতটাই বেসামাল ছিলেন যে, নিজের টয়োটা করলা প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ২২-২০৫৬) ওঠার আগে চালককে গালাগালি করতে থাকেন। চালক গাড়ি চালাতে চাইলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মিজানুর চাবি নিয়ে নিজেই চালু করেন গাড়িটি। ভবন থেকে বের হওয়ার সময় সজোরে ধাক্কা মারেন আছিয়া খাতুনকে। এতে দুই পায়েই আঘাত পান তিনি। রক্তাক্ত জখম নিয়ে তিনি চিৎকার শুরু করলে গাড়ি রেখে দ্রুত পালিয়ে যান মিজানুর।

বিজিএমইএর শিক্ষার্থীরা ছুটে এসে গাড়িটি আটক করে উত্তরার পশ্চিম থানায় খবর দেন এবং উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান আছিয়া খাতুনকে। পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া প্রথম আলোকে বলেন, গাড়িটিকে আটক করে থানায় রাখা হয়েছে। এর মালিক মিজানুরকে আটকের চেষ্টা চলছে। আছিয়া খাতুনের স্বজনদের কেউ মামলা করতে আসেননি। তবে তাঁরা মামলা না করলেও এ ব্যাপারে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।