
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মারা গেছেন রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বাবলু হোসেন (৫০)।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, কোনো ধরনের বিষক্রিয়ার কারণে বাবলু হোসেনের মৃত্যু হয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন। তবে বাবলুর স্ত্রী ও ছেলে তাঁকে (চিকিৎসক) জানিয়েছেন, গতকাল রাতে তিনি ‘অতিরিক্ত’ মদ্য পান করেছেন। তাঁরা নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করেন। রাতেই কেন হাসপাতালে আনেননি-চিকিৎসকের এ প্রশ্নের জবাবে তাঁরা বলেছেন, তিনি নিজেই রাতে হাসপাতালে আসতে রাজি হননি। আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘অপরিশোধিত’ মদ থেকেও বিষক্রিয়া হতে পারে। তাঁদের সন্দেহ বিষক্রিয়া। তবে পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ময়নাতদন্ত হবে কি না।
বাবলু হোসেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার বাড়ি বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার চকসিংগা গ্রামে। তিনি আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাঘা-চারঘাট আসনে কাজ শুরু করলে বাবলু হোসেন তাঁর হাত ধরেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। গত পৌরসভা নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান।
আজ সকালে অসুস্থ হয়ে পড়লে বাবলু হোসেনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী দিপালী খাতুন ও ছেলে বাপ্পি আহাম্মেদ হাসপাতালে উপস্থিত ছিলেন।