মদ্যপানে তিন দিনে চারজনের মৃত্যু
রাজশাহীতে গত তিন দিনে চারজন ব্যক্তি মারা গেছেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁরা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন রতন (২২), ডিপজল (৫২), প্রভাত মণ্ডল (৪০) ও সুখেন চন্দ্র (৪৫)।
সুখেনের স্ত্রী শোভা রানী বলেন, গত বুধবার রাতে প্রভাত ও সুখেন মদ পান করেন। পরে তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত দুইটার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রভাতের মৃত্যু হয়। এরপর সুখেন বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মারা যান। তাঁদের দুজনের বাড়ি নগরের বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকায়।
এদিকে, গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। মৃত রতন নগরের কুমারপাড়া আর ডিপজল ফুদকিপাড়া এলাকার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার আনারুল ইসলাম বলেন, অ্যালকোহলজনিত কারণে (অতিরিক্ত মদপানে) গত তিন দিনে চারজন মারা গেছেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।