মধু আনতে বাঘের ডেরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ধানঘোরা এলাকায় বাইনগাছ থেকে মধু সংগ্রহ করছেন মাসুম বিল্লাহ l প্রথম আলো
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ধানঘোরা এলাকায় বাইনগাছ থেকে মধু সংগ্রহ করছেন মাসুম বিল্লাহ l প্রথম আলো

এক হাতে লাঠি, অন্য হাতে ধারালো দা৷ সর্তক দৃষ্টি মেলে এগোতে থাকেন পাঁচ সদস্যদের মৌয়াল দলের নেতা মাসুম বিল্লাহ৷ অন্যরা তাঁকে অনুসরণ করে চলেছেন৷ একেবারে পেছনে ফারুক হোসেন৷ তিনি দা হাতে আশপাশে চোখ বুলিয়ে সামনে এগোচ্ছেন৷ কান ও নাকের ব্যবহারেও সবাই সতর্ক৷ মুহূর্তের অসতর্কতায় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা৷
এভাবে ২০ মিনিট চলার পর থমকে দাঁড়ান মাসুম বিল্লাহ৷ চোখ ওপরের দিক৷ মৌমাছির বড় একটা চাক৷ মধু টলটল করছে৷ কাটার জন্য প্রস্তুত হতে বলেন অন্যদের৷ ধোঁয়া দেওয়ার জন্য তৈরি করতে হয় গোলপাতা দিয়ে ‘কুড়’৷ ব্যস্ত হয়ে পড়েন সবাই৷ কুড়ের ধোঁয়ায় মৌমাছিরা চাক ছেড়ে উড়ে যায়৷ এবার দলনেতা দা হাতে ওঠেন গাছে৷ চাকের প্রয়োজনীয় অংশটুকু কাটার আগে আরেকজন সঙ্গী তলায় মধু সংগ্রহের জন্য পাত্র ধরেন৷ একইভাবে পাশের গাছ থেকে আরেকটি চাক কেটে আবার উল্টো যাত্রা৷ ফিরতি পথে দলনেতা পেছনে, তবে আরও সতর্ক৷ কারণ, এতক্ষণে সুন্দরবনের ভয়ংকর প্রাণীটির কাছে মানুষের উপস্থিতির খবর পেঁৗছে যাওয়া বিচিত্র কিছু নয়৷ গত ১৬ এপ্রিল প্রায় ঘণ্টা দেড়েক প্রচেষ্টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের পাঁচজনের মৌয়াল দলটি সুন্দরবনের কলাগাছিয়া ধানঘোরা এলাকা থেকে সংগ্রহ করে প্রায় নয় কেজি মধু৷ মৌয়ালদের সঙ্গী হয়েছিলেন প্রথম আলোর এ প্রতিবেদক৷
মাসুম বিল্লাহ ও তাঁর সঙ্গী আবদুল হাকিম বলেন, প্রতিমুহূর্তে প্রাণ যাওয়ার ঝুঁকি৷ তার পরও কৌশল আর সাহসের সমন্বয় ঘটিয়ে মধু সংগ্রহ করছেন তাঁরা৷ তাঁদের এ সংগ্রাম চলছে যুগ যুগ ধরে৷ সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে ডাকাতদের নির্যাতন৷
বুড়িগোয়ালিনী গ্রামের আবদুল আজিজ ঢালী (৭০) বলেন, ‘বাদায় মধু আর গোলপাতা কাটতে গে রমজান গাজী, সাহেব আলী, হামিদ গাজী, আঁধার আলী, গৌতম মণ্ডলসহ অন্তত জনা কুড়ি সঙ্গী বাঘের খোরাক হয়েছে৷ ঝুঁকি সত্ত্বেও বাদায় যাওয়া বন্ধ কুরেনি৷ তবে এবার বনদস্যুদের অত্যাচারে বাদায় যাতি পারিনি৷ বাদায় যাওয়ার আগে বনদস্যু বাহিনীকে মাথাপিছু তিন হাজার টাকা চাঁদা দিতে হয়৷’