মধু চাষে বাড়বে সরিষার ফলনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সরিষাখেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে মৌচাষিরা এসে এভাবে মধু চাষ করছেন। এই মধু চাষের কারণে সরিষার ফলনও ভালো হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, এবার জেলার ১১ হাজার ৭৭২ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষাখেতের পাশে স্থাপিত এসব ভ্রাম্যমাণ মৌমাছির বাক্সের কারণে এবার ১২ হাজার ৯৫০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, মৌমাছি ফুটন্ত সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করায় পরাগায়ন ভালো হয়। এ কারণে সরিষার ফলনও বেড়ে যায়।সদর উপজেলার খোয়াজপুরে গিয়ে দেখা গেছে, সরিষাখেতের পাশে উঁচু স্থানে সারি সারি মৌমাছির বাক্স বসানো হয়েছে। মৌমাছি সরিষার ফুল থেকে মধু এনে বাক্সের ফ্রেমে রাখছে। পরে মৌচাষিরা ওই বাক্স থেকে মধু সংগ্রহ করছেন। এলাকার অনেকেই ওই চাষিদের কাছ থেকে মধু কিনছেন।গোপালগঞ্জের মৌচাষি হায়দার হোসেন বলেন, ‘আমি মাদারীপুরে ১২০টি মৌমাছির বাক্স নিয়ে এসেছি। মধু সংগ্রহের জন্য জেলার বিভিন্ন স্থানে সরিষাখেতের পাশে বাক্সগুলো বসিয়েছি। ওই বাক্সগুলো থেকে প্রতি সপ্তাহে ১০০-১১০ কেজি মধু সংগ্রহ করছি।’ তিনি জানান, প্রাথমিক অবস্থায় চাষিরা সরিষার ফুল থেকে মৌমাছি মধু নিলে ফলন কম হবে বলে তাঁদের মৌমাছির বাক্স বসাতে বাধা দিতেন। কিন্তু ধীরে ধীরে তাঁরা জানতে পারছেন যে এভাবে বাক্স বসালে সরিষার ফলন ভালো হয়।বাংলাদেশ মৌচাষি কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য অহিদুল ইসলাম বলেন, ‘২০০৩ সাল থেকে আমি এই ব্যবসা করছি। প্রতিবছর আমি চার থেকে পাঁচ টন মধু সংগ্রহ করি।’ তিনি জানান, সরিষার ফুল থেকে সংগ্রহ করা মধু মৌচাষিরা স্কয়ার, এপিসহ দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন।