মধু না দেওয়ায় সুন্দরবনে তিন মৌয়াল গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের হলদেবুনিয়ার দাড়গাং এলাকায় বৃহস্পতিবার রাতে বনদস্যুদের গুলিতে তিন মৌয়াল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের এমদাদুল ইসলাম (৩৮), রাজ্জাক মাঝি (৩৬) ও আবদুস সামাদ গাজী (৩০)। আহত মৌয়ালেরা জানান, তাঁদের ১০ জনের দলটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি (পাস) নিয়ে ২৬ এপ্রিল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। বৃহস্পতিবার রাতে তাঁরা হলদেবুনিয়া এলাকায় পৌঁছে নৌকায় রাত যাপনের প্রস্তুতি নেন। রাত আটটার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র বনদস্যু সেখানে এসে মধু দাবি করে। মধু না দিয়ে কৌশলে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করলে বনদস্যুরা গুলি ছোড়ে। এতে তাঁদের তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় বনদস্যুরা তাঁদের নৌকা আটক করে আট ড্রাম মধু ও দুই ড্রাম খাবার পানি নিয়ে যায়। কয়েকজন মৌয়াল জানান, বন বিভাগ থেকে মধু সংগ্রহের পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করার আগে বনদস্যুদের চাহিদামতো চাঁদা দিতে হয়।