মধুকবির জন্মভূমিতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলনে নামছে কপোতাক্ষ তীরের মানুষ।
গতকাল শনিবার বিকেলে মধুকবির জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুসূদন মিউজিয়ামে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠক থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ জানুয়ারি মধুকবির জন্মতীর্থ সাগরদাঁড়িতে শুরু হওয়া মধুমেলায় গণস্বাক্ষর অভিযান, প্রচারপত্র বিতরণ, যশোর থেকে সাগরদাঁড়ির পথে পথে মানববন্ধন, প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সাংসদ ও সচিবদের কাছে স্মারকলিপি প্রদান।
এ আন্দোলন পরিচালনার জন্য বৈঠকে ‘মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’ শিরোনামে ৫০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি হারুন-অর-রশীদ। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি সুরাইয়া শরীফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনের সময় সাগরদাঁড়িতে মধুসূদনের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীতা রয়েছে বলে তাঁর বক্তব্যে জানান।