মধুখালী আশ্রয়ণ কেন্দ্রের শেডে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ভূমিহীনদের জন্য সরকারি উদ্যোগে নির্মিত আশ্রয়ণকেন্দ্রে গত বৃহস্পতিবার আগুনে একটি শেড (টিনের ঘর) পুড়ে গেছে। এটিতে ১০টি পরিবার থাকত।
১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মধুখালী রেলস্টেশন-সংলগ্ন জায়গায় ওই আশ্রয়ণকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে ১৮টি শেডে ১৮০টি ভূমিহীন পরিবার বসবাস করে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ওই শেডটিতে আগুন লাগে। এলাকাবাসী ও ফরিদপুরের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে শেডে বসবাসরত ১০টি পরিবারের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, রান্নাঘরে শিশুদের হাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিব উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও মোহাম্মদ হাবিবউল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ওই শেডটি নতুন করে নির্মাণের জন্য রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।