মধুখালীতে আগুনে ১০টি ঘর ভস্মীভূত
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি বাড়িতে কেরোসিনের কুপি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাড়ির দুটি বসতঘর পুড়ে যায়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরে রাখা নগদ টাকা, ধান, পাটসহ বিভিন্ন ফসল পুড়ে গিয়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের কালপোহা গ্রামে আগুনে আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ বলেন, বিকেলে পালপোহা গ্রামের হাবিব মসলেহাতীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আশপাশের আটটি ঘর পুড়ে যায়।