মধুখালীতে ইউপি নির্বাচনের পর সহিংসতা
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের পর সহিংসতার ঘটনা ঘটেছে। ওই নির্বাচনে পরাজিত প্রার্থী মো. ইসহাক আলী মোল্লার অভিযোগ, তাঁর বাড়িতে পুলিশ তাণ্ডব চালিয়েছে। তবে পুলিশ এই অভিযোগ নাকচ করে দিয়েছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার আড়পাড়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক মো. বদরুজ্জামান ৯৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। কিন্তু পরে গুজব রটে, অপর প্রার্থী মো. ইসহাক আলী চার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। পরস্পরবিরোধী এই খবরে ইসহাকের সমর্থকেরা ঢাকা-খুলনা মহাসড়কে কামারখালী সেতুর টোলঘরের সামনে গাছের গুঁড়ি দিয়ে মহাসড়কে অবরোধ করার চেষ্টা করে। কিন্তু টোলশ্রমিকেরা গুঁড়ি ও প্রতিবাদকারীদের সেখান থেকে হটিয়ে দেন। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে মহাসড়কের ১০০ গজ উত্তরে ইসহাক আলীর বাড়িতে চড়াও হয়ে বাড়ির লোকদের মারপিট, আসবাবপত্র ভাঙচুর ও নয়জনকে আটক করে মধুখালী থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আটজনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন অবরোধকারীকে আটক করে। পরে অবরোধকারীরা পালিয়ে ইসহাকের বাড়িতে গেলে পুলিশ সেখান থেকে আরও কয়েকজনকে আটক করে। বাড়িতে কোনো তাণ্ডব চালানো হয়নি দাবি করে ওসি বলেন, বাড়িতে ইসহাককে পাওয়া গেলে তাঁকেও আটক করা হতো।