মধুখালীতে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুর রশীদ (৫৪) নামের আওয়ামী লীগের একজন নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) আশাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রশীদ এই ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রশিদের সঙ্গে একই গ্রামের মোক্তার শেখের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল আটটার দিকে সেই জমিতে চাষাবাদ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ১৪ থেকে ১৫ জন লোক আবদুর রশিদের ওপর হামলা চালায়। তারা আবদুর রশিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে ঢাকায় নেওয়ার পথে বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।আবদুর রশিদ গাজনা ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করে মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, মামলার প্রস্তুতি চলছে।