জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেউল মথুরাপুর গ্রামের বাদশা মোল্লার সঙ্গে একই গ্রামের রহমান শেখ ও আফতাব আলী শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রহমান শেখ ও আফতাব আলী শেখের নেতৃত্বে একদল লোক বাদশা মোল্লার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা একটি টিনের ঘর ও একটি ছাপরা ভাঙচুর করে এবং একটি ঘরের মালামাল লুটপাট শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।আহত ব্যক্তিরা হলেন: বাদশা মোল্লা, তাঁর স্ত্রী রোজি বেগম, কুলসুম বেগম, ফরিদা বেগম ও আলম শেখ। আহত ব্যক্তিদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে আফতাব আলী শেখকে গ্রেপ্তার করে।