মধুখালীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ এবং পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দুপুরে মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ছিল মধুখালী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচনে দলের এক প্রার্থী রাখার বিষয়ে দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল আলিম ওরফে মানিক কিছু সমর্থক নিয়ে কার্যালয়ে এসে সাবেক সাংসদ শাহ মোহামঞ্চদ আবু জাফরকে বলেন, ‘আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি, আমাকে দোয়া করুন।’
শাহ জাফর বলেন, ‘আমরা একক প্রার্থী দেওয়ার জন্য সভা করছি। তুমি কীভাবে মনোনয়নপত্র জমা দিতে যাও?’ এ সময় সভায় উপস্থিত উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে আবদুল আলিমের সমর্থকদের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। বেলা তিনটার দিকে আবদুল আলিম মনোনয়নপত্র জমা দেন।
সাড়ে তিনটার দিকে আবদুল আলিমের সমর্থকেরা উপজেলা বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় কার্যালয়ে কেউ ছিলেন না। আলিমের সমর্থকেরা কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।
শাহ মোহামঞ্চদ আবু জাফর বলেন, ‘সভা চলাকালে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা বলে মানিক আমার দোয়া চায়। মানিকের উপস্থিতিতে কার্যালয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। আমি মধুখালী ত্যাগ করার পর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।’
আবদুল আলিম বলেন, ‘জাফর ভাই আমাকে ফোন করে কার্যালয়ে ডেকে নেন। আমি দোয়া নিয়ে বের হয়ে আসার সময় তাঁর সমর্থকেরা আমার সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করে। আমি মনোনয়নপত্র জমা দিতে গেলে উপজেলা চত্বরে আমাদের ওপর ইট ছোড়া হয়। আমি আহত হয়েছি, এ কথা শুনে আমার সমর্থকেরা উপজেলা বিএনপির কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে। আমার সমর্থকেরা কার্যালয়ে আগুন দেয়নি।’
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল হক বলেন, আগুন দেওয়ায় বিএনপির কার্যালয়ের ৫০-৬০টি চেয়ার পুড়ে গেছে।