বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের আগে লোডশেডিং হওয়ায় ফরিদপুরের মধুখালীতে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী৷
গত বৃহস্পতিবার গন্ধারদিয়ার উপজেলা বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১০টায় বিদ্যুৎ চলে যায়। রাত ১২টার মধ্যে বিদ্যুৎ না আসায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি প্রধান ফটকের তালা ভেঙে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন। রাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ চলে এলে তাঁরা ফিরে যান।
জানতে চাইলে কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আবদুল মালেক বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় প্রায় অর্ধেক। ফলে লোডশেডিং না করে কোনো উপায় থাকে না।