মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঘোড়াখালী গ্রামের গত রোববার রাতে আদিবাসী (বুনো) ও জেলে সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বেলা ১০টার দিকে সকালে স্থানীয় ঘোড়াখালী বাজার এলাকায় কয়েক শ নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় প্রতিবাদকারীরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে ওই গ্রামের আবুল কালামের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন জেলে ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা করে। সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুশান্ত সরকার (৬০), পলাশ বিশ্বাস (৩৫), সুদেব বিশ্বাস (৩৩) ও রঞ্জন বিশ্বাস (২৬) নামে চার আদিবাসী জেলেকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত পলাশ বিশ্বাসকে ওই রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, ওই গ্রামের শ্মশানের জায়গা দখলকে কেন্দ্র করে আবুল কালাম ও তাঁর লোকজন আদিবাসীদের ওপর হামলা চালিয়ে চার ব্যক্তিকে আহত করে। তাঁরা অভিযোগ করেন, হামলার সময় কামালদিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বলেন, ‘হামলাকারীরা কেউ আমার কথা শোনেনি।’ তবে তিনি বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে আবুল কালামের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।