মধুখালীর শিক্ষকদের সতর্ক করলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সতর্ক করে দিয়েছেন। গত রোববার বিদ্যালয় বন্ধ রেখে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের (মাশিককপ) সম্মেলনের আয়োজন করায় তাঁদের সতর্ক করে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২টায় সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে সভা করেন ইউএনও মোস্তফা কামাল। তিনি স্কুল বন্ধ করে সম্মেলন করা বিষয়ে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষকেরা জানান, তাঁদের হাতে যে চার দিনের সংরক্ষিত ছুটি রয়েছে তা ব্যবহার করে ওই অনুষ্ঠান করা হয়েছে। ভবিষ্যতে স্কুল বন্ধ করে এ জাতীয় কর্মসূচি নেওয়া হবে না বলে শিক্ষকেরা প্রতিশ্রুতি দেন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়া প্রসঙ্গে সাংসদ আব্দুর রহমান বলেন, ‘আমি জানতাম না স্কুল বন্ধ করে সম্মেলনের আয়োজন করা হয়েছে। জানলে অনুষ্ঠানে অংশ নিতাম না।’