মধুপুর ও সখীপুরকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরকে জেলা ঘোষণার দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। সখীপুর জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে সদরের মুখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালন করা হয় l প্রথম আলো
টাঙ্গাইলের সখীপুরকে জেলা ঘোষণার দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। সখীপুর জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে সদরের মুখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালন করা হয় l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলাকে জেলা ঘোষণা করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
এ ছাড়া মধুপুর উপজেলাকে জেলা করার দাবিতে এবং প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগকে স্বাগত জানিয়ে একই দিন মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বেলা ১১টায় সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে ‘সখীপুর জেলা বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গনি, পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলুয়ার সিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি মোসলেম আবু শফীসহ রফিক-ই-রাসেল, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ।
পরে তাঁরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এদিকে মধুপুরকে জেলা করার দাবিতে এবং প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগকে স্বাগত জানিয়ে গতকাল মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অধ্যাপক গোলাম ছামদানি, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, জেলা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মাসুদ পারভেজ প্রমুখ বক্তব্য দেন।
মধুপুর জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।