মধুপুর শালবন রক্ষায় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুপুর শালবনকে কেন প্রাকৃতিকভাবে বৃক্ষসমৃদ্ধ করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।মধুপুর শালবন রক্ষার নির্দেশনা চেয়ে ৪ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও রাজশাহীর জাতীয় আদিবাসী পরিষদ হাইকোর্টে রিটটি দায়ের করে। এ রিটের ওপর শুনানি গ্রহণ করে গতকাল মঙ্গলবার আদালত রুল জারি করেন। এতে বন আইনের বিধান অনুযায়ী সেখানে বসবাসরত বাসিন্দাদের অধিকারের বিষয়টি নিশ্চিতের আগেই বন সংরক্ষণ করা ও তাঁদের বন থেকে বিতাড়িত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে, তাঁদের কাছ থেকে রাজস্ব আদায় বন্ধ-সংক্রান্ত নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।এ ছাড়া মধুপুর শালবনের সঠিক সীমানা চিহ্নিত করা, বন আইন অনুযায়ী গ্রামবনের ব্যবস্থা করা, বনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, সামাজিক বনায়নের মাধ্যমে আগ্রাসী প্রজাতির বৃক্ষ রোপণ এবং বাণিজ্যিক উদ্দেশে কলা, পেঁপে, আনারস চাষ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে ভূমি ও পরিবেশসচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসক, মধুপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন প্রবীর নিয়োগী ও ইকবাল কবির। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।রিট আবেদনে বলা হয়, দেশে মোট এক লাখ ২০ হাজার ৬৯০ হেক্টর শালবনের মধ্যে মধুপুর বনের পরিমাণ ১৮ হাজার ৬২৩ দশমিক ৪৮২ হেক্টর। কিন্তু বিভিন্ন কারণে বনটি ধ্বংসপ্রাপ্ত হয়ে ক্রমশ ছোট হয়ে আসছে।রিটে অভিযোগ করা হয়, জীববৈচিত্র্যসমৃদ্ধ বনটিতে একসময় ছিল শাল, কড়ই, চম্বল, যোগিনী, চকরা, কইখা, সিদাহ, বাজনা, আমলকী, সোনালু, আজুলি, গাদিলা প্রভৃতি প্রজাতির বৃক্ষ। বিচিত্র প্রাণীর মধ্যে ছিল ভালুক, হরিণ, চিতাবাঘ, ময়ূর, বানর, সাপ ও নানা প্রজাতির পাখি। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে প্রাকৃতিক বনে সামাজিক বনায়নের মাধ্যমে রাবার, একাশিয়া, সেগুনসহ একাধিক আগ্রাসী প্রজাতির বৃক্ষ রোপণ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে কলা, আনারস ও পেঁপে চাষ, বনভূমি দখল করে স মিল, বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জ তৈরি, কীটনাশক ও ওষুধের দোকানপাট স্থাপনের কারণে আজ বনটি ধ্বংসের দ্বারপ্রান্তে। বন ধ্বংসের কারণ হিসেবে বলা হয়, প্রজন্মান্তরে বসবাসকারী বনবাসীদের অধিকারকে স্বীকৃতি প্রদান না করা এবং বন-ব্যবস্থাপনায় তাঁদের সম্পৃক্ত না করে বন-সংক্রান্ত মিথ্যা মামলায় জড়ানো।