মধুপুরে আদিবাসীদের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর গড়ের আদিবাসী-অধ্যুষিত ইদিলপুর গ্রামে ইট তৈরির কারখানা করার জন্য আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখল ও গ্রামে কারখানা স্থাপন ঠেকাতে আদিবাসীরা আন্দোলন শুরু করেছেন।আদিবাসীরা জানান, তিন মাস আগে ঢাকার রেজাউল করিম তালুকদার নামের এক ব্যবসায়ীর পক্ষ থেকে ইদিলপুর গ্রামের জন ভেরেনা চিসিমের আনারস বাগানে ‘ক্রয় সূত্রে জমির মালিক, হেনা অটো ব্রিক ইন্ডাস্ট্রি লি.’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। ওই কারখানার কর্মকর্তাদের দাবি, জন ভেরেনা চিসিমের চার ছেলের কাছ থেকে তাঁরা ১০ একর জমি কিনেছেন। কিন্তু গ্রামের আদিবাসীদের অভিযোগ, অর্পিত সম্পত্তির (ভিপি) ‘খ’ শ্রেণীর তালিকাভুক্ত ওই ১০ একরের মধ্যে অন্য আরও কয়েকজনের মালিকানা রয়েছে। অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত সব জমি কেনাবেচা সরকারিভাবে বন্ধ। কীভাবে ইটের কারখানার জন্য জমি কিনল, তা-ই ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁরা কারও কাছে জমি বিক্রি করেননি।বৃহস্পতিবার ইদিলপুর গ্রামে গিয়ে দেখা যায়, ১০ একর জমির চারপাশে সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করে রেখেছেন ইটের কারখানার লোকেরা। জমির কিছু অংশে আনারস, কিছু অংশে হলুদ চাষ হচ্ছে। প্রবেশমুখেই ইটের কারখানার মালিকানাসংবলিত সাইনবোর্ড শোভা পাচ্ছে। দক্ষিণ পাশে নির্মাণ করা হচ্ছে অফিস ঘর। সেখানে যাওয়ার পর জড়ো হন জমির মালিক দাবিদার বেশ কয়েকজন।বৃদ্ধা নন্দিতা মৃ জানান, ইটের কারখানার জন্য যে সীমানা নির্ধারণ করা হয়েছে, সেখানে তাঁর তিন একর ৭৫ শতাংশ জমি রয়েছে। এই জমিতে হলুদ চাষ হয়। হ্লেতা দফো নামের অপর আদিবাসী নারী জানান, তাঁর ৪৮ শতাংশ জায়গা রয়েছে এখানে। কিন্তু জোর করে কারখানার লোকেরা সেখানে ঘর তুলেছেন। লিপটন চিরান জানান, তাঁর দুই একর ১০ শতাংশ জমি এখানে আছে। এই জমির সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়েছে। সমাপন চাম্বুগং বলেন, প্রস্তাবিত ইটের কারখানার জন্য যে সীমানা নির্ধারণ করা হয়েছে, তার ভেতর খ্রিষ্টানদের একটি সামাজিক কবরস্থানও রয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করে হেনা অটো ব্রিক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, জন ভেরেনা চিসিমের ছেলেদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। তবে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত থাকায় রেজিস্ট্রি করা যায়নি। তিনি বলেন, যখন কেনার জন্য আলোচনা চলছিল তখন কেউ আপত্তি করেননি। এখন অনেকেই জমির মালিকানা দাবি করছেন।এদিকে গ্রামের ভেতর ইটের কারখানা স্থাপন ও ভূমি দখলের প্রতিবাদ জানাতে স্থানীয় আদিবাসীরা ‘ইদিলপুর গ্রামের পরিবেশ সংরক্ষণ কমিটি’ গঠন করেছেন। কমিটির পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টাঙ্গাইলের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ইটের কারখানা স্থাপনের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়েছে।কমিটির সদস্যসচিব বাপ্পু মৃ বলেন, শিল্প এলাকায় শিল্পকারখানা হোক। গ্রাম থাকুক গ্রামের মতো। গ্রামের ভেতর ইটের কারখানা হলে পরিবেশ নষ্ট হবে। প্রকারান্তরে আদিবাসী গ্রামটি বিলুপ্ত হয়ে যাবে।