মধুপুরে আদিবাসীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুরের জলছত্রে আদিবাসীদের মিলনমেলা বসে। মধুপুর বনাঞ্চলের বিভিন্ন গ্রামের কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ-শিশু এতে অংশ নেয়। এ সময় আদিবাসীরা নিজেদের দাবিদাওয়া ও বঞ্চনার কথা তুলে ধরে। অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক আদিবাসীদের দাবিদাওয়ার জবাবে বলেন, বনের সঙ্গে আদিবাসীদের নিবিড় সম্পর্ক। বনের সঙ্গে গভীর মিতালি করে তারা বসবাস করছে। বনের বড় সম্পদ আদিবাসীরা। জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও বনকে তারা লালন-পালন করে। তাদের জীবন-জীবিকা ও সংস্কৃতি বনের সঙ্গে মিশে আছে। আদিবাসীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিশেষভাবে দৃষ্টি রাখে। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, বিভাগীয় বন কর্মকর্তা অসিতরঞ্জন পাল, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবদুল গফুর, আদিবাসী নেতা অজয় এ মৃ, বেনিডিক্ট মাংসাং, থিওফিল নকরেক, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান প্রমুখ। অজয় এ মৃ বলেন, ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান সরকার মধুপুর বনাঞ্চলের আদিবাসী গারোদের উচ্ছেদ করে জাতীয় উদ্যান প্রকল্পের উদ্যোগ নিলে চুনিয়া গ্রামের পরেশ চন্দ্র মৃর নেতৃত্বে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনের নেতৃত্বে মধুপুরের আদিবাসীরা অধিকার আদায়ের সব সংগ্রাম গড়ে তুলেছে। পরিষদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।