মধুপুরে ওয়ানগালা উৎসবে বাঙালি-আদিবাসী সবাই
নাচ-গান আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী গারোরা গতকাল শুক্রবার উদ্যাপন করল তাদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। এ উৎসব ঘিরে আদিবাসী নারী-পুরুষ-শিশুর ঢল নেমেছিল মধুপুরে। স্থানীয় বাঙালিরাও তাদের সঙ্গে আনন্দ-উৎসবে মেতে ওঠে।উৎসবে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, মধুুপুরের গারোসহ সমতলের সব আদিবাসীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী তথা আদিবাসীদের বাস। দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে আদিবাসীদের অধিকার সংরক্ষণ করতে হবে।মধুপুর গড়ের জয়নাগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে আদিবাসী নারীদের সংগঠন আচিক মিচিক সোসাইটি আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মালতি নকরেক। অন্যান্যের মধ্যে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি অজয় এ মৃ, আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল ডি নকরেক প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল, টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি এস আকবর খান, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবদুল গফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম বেনজামিন রিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি অজয় এ মৃ বলেন, আদিবাসী গারোরা বিশ্বাস করে, দেবতা শালজং তাদের প্রথম শস্যবীজ দিয়েছিলেন। পরে তিনি পরিমাণমতো রোদ-বৃষ্টি দিয়ে ফসল উৎপাদনে সহযোগিতা করেছেন। তাই গারোরা তাদের আদি ধর্মমতে দেবতা শালজংকে ধন্যবাদ জানাতে প্রতিবছর ওয়ান্না উৎসবের আয়োজন করত। এ উৎসবে দেবতা শালজংয়ের প্রতি উৎপাদিত ফসল উৎসর্গ করা হয়। কালের বিবর্তনে এ অঞ্চলের গারোরা তাদের আদি ধর্ম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছে। তারপরও তারা আদি ঐতিহ্য ধরে রাখতে ওয়ানগালার আয়োজন করে। বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রাখি ম্রং বলেন, ওয়ানগালা এখন আর শুধু আদিবাসীদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।উৎসবে মধুুপুর গড় এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাচ-গান লোকগাথা পরিবেশন করে।