মধুপুরে দুটি মন্দিরে ভাঙচুর, কটিয়াদীতে চুরি, গ্রেপ্তার ৬
টাঙ্গাইলের মধুপুরে শনিবার গভীর রাতে সন্ত্রাসীরা দুটি মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা সেবায়েতসহ দুজনকে পিটিয়েছে। ওই রাতেই কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি মন্দিরে চুরি হয়েছে। দুটি ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মধুপুর গড় এলাকার শোলাকুড়ি ইউনিয়নের বারতীর্থ মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ জানান, বারতীর্থ পুকুরপাড়ে একটি কালীমন্দির ও একটি রাধাগোবিন্দ মন্দির রয়েছে। শনিবার গভীর রাতে ওই এলাকার শাহেদ আলীর নেতৃত্ব একদল সন্ত্রাসী মন্দির দুটিতে ভাঙচুর চালায়। তারা দুটি মন্দিরের মূর্তিগুলো ভেঙে ফেলে। সন্ত্রাসীরা সেবায়েত বীরেন চন্দ্র শীল ও তাঁর স্ত্রী চন্দ্রবালা শীলকে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। একপর্যায়ে তারা মন্দিরের ভান্ডারকক্ষে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের বহনকারী পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পিকআপটি ভাঙচুর করে। সেবায়েত ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, এ ঘটনায় মন্দিরের সেবায়েত রোববার একটি মামলা করেছেন। ওই দিনই মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কটিয়াদীর পূর্বপাড়া মহল্লার রাধাগবিন্দ মন্দিরের পুরোহিত অখিল চন্দ্র বণিক জানান, মন্দিরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে চোরেরা চারটি মূর্তিতে থাকা দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও ২০ ভরি ওজনের রূপার বাঁশি, দানবাক্সে থাকা ১৫ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা করা হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে আতাউর রহমান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।