মধুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, কর্মকর্তা নিহত
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গতকাল রোববার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কর্মকর্তা। নিহত মো. শরিফুল হক বিমানবাহিনীর পাইলট অফিসার। আহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মামুনুর রশীদকে হেলিকপ্টারে করে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।গতকাল এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ‘বেলা আনুমানিক ১২টা ২৭ মিনিটে টাঙ্গাইলের শালিখায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এল-৩৯ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানের দুজন পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মামুনুর রশীদ ও পাইলট অফিসার মো. শরিফুল হক প্যারাসুট দিয়ে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনার পর আহত দুই পাইলটকে ঘাটাইল সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন। বিমানের অপর পাইলট স্কোয়াড্রন লিডার মামুন সুস্থ আছেন।’দুর্ঘটনার পর সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরারসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছান। আবু এসরার উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন বলে আইএসপিআর জানিয়েছে।গতকাল দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ঘিরে আছেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার লোকজন। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ প্রথম আলোকে বলেন, ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে প্রশিক্ষণ বিমানটি মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জের উদ্দেশে উড্ডয়ন করে। দুপুর সাড়ে ১২টার দিকে মধুপুরের আউশনারা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গ্রামের ঘোনাপাড়ার ধানখেতে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।দুর্ঘটনার পার্শ্ববর্তী এলাকার রেজিয়া বেগম বলেন, দুপুরে হঠাৎ বিকট শব্দে বিমানটি ধানখেতে আছড়ে পড়ে। পাশের অপর একটি খেতে প্যারাস্যুট দিয়ে একজন (স্কোয়াড্রন লিডার মামুন) নামেন। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন। কমলা খাতুন নামের অপর এক গ্রামবাসী বলেন, ‘ঘটনার পর আমরা দা দিয়ে সিটবেল্ট কেটে বিধ্বস্ত বিমান থেকে একজনকে (পাইলট অফিসার শরিফুল হক) বের করে সেবা করি।’কিছুক্ষণ পর মহিষমারা আশ্রয়ণ প্রকল্পে কর্মরত সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান।