মধুপুরে বন্য প্রাণীর অস্তিত্ব হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দশক আগেও মধুপুর বনে বাঘ ছিল। হরিণ, বন্য শূকর ঘুরে বেড়াত। গাছে গাছে লাফালাফি করত হনুমান। রাতে বন এলাকায় থাকা মানুষের বাড়ির গোয়াল থেকে বাঘ এসে গরু-ছাগল ধরে নিয়ে যেত। দেখতে দেখতে বাঘ, হরিণ, শূকর—সব হারিয়ে গেছে। এখন যে দু-চারটি বানর ও হনুমান আছে, তা-ও বিলুপ্ত হওয়ার পথে।
কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের প্রবীণ ব্যক্তি অজয় এ নৃ। ছোটবেলায় তাঁর নিজ গ্রাম পীরগাছা এবং আশপাশের এলাকায় বন্য প্রাণীদের বিচরণের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, সে সময় বনজুড়ে পশুপাখির থাকার জায়গা ও খাবারের অভাব ছিল না। বন ধ্বংস এবং বিদেশি গাছ লাগানোর পর থেকে পশুপাখির খাবারের অভাব শুরু হয়। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে বন্য প্রাণী।
বনাঞ্চলের অধিবাসীরা বলেন, মূলত সত্তরের দশকে মধুপুর বন ধ্বংস শুরু হয়। দস্যুরা সে সময় নির্বিচারে শাল ও গজারিগাছ নিধন শুরু করে। তখন থেকে পশুপাখির খাদ্য ও আবাসনের সংকট শুরু হয়। ১৯৮৯ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় শালবনে সামাজিক বনায়ন শুরু হয়। এ প্রকল্পের আওতায় বিদেশি প্রজাতির আকাশমণি, মেনজিয়াম, ইউক্যালিপটাস প্রভৃতি বিদেশি প্রজাতির গাছ লাগানো হয়।
পরিবেশবিদেরা বলেন, এসব গাছ দ্রুত বর্ধনশীল হলেও এগুলো জীববৈচিত্র্যবান্ধব নয়। এসব গাছের গোড়ায় ঝোপজঙ্গল হয় না। ফলে বন্য প্রাণী বিচরণ করতে পারে না। গাছগুলোর ডালে পাখিও বসে না। তা ছাড়া এসব গাছের পাতা কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে না। সাধারণত গজারিগাছের কচি পাতা খেয়ে বানর ও হনুমান জীবন ধারণ করে। শাল ও গজারিগাছের জায়গায় বিদেশি প্রজাতির গাছ রোপণ করায় বন্য প্রাণীর মধ্যে খাদ্যের অভাব দেখা দেয়। ফলে গত ২৫ বছরে এ বনে বানর, হনুমান হ্রাস পেয়েছে। আগে বনের প্রায় সব এলাকাতেই বানর ও হনুমানের দেখা মিলত। এখন দু-একটি জায়গায় হাতে গোনা কিছু বানর ও হনুমান দেখা যায়।
টাঙ্গাইল বন বিভাগ থেকে এ বছর প্রকাশিত মধুপুরের বন্য প্রাণী শীর্ষক প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, ১৯৭৭ সালে হোসেন অ্যান্ড হক পরিচালিত জরিপে এই বনাঞ্চলে ১৪০ প্রজাতির পাখির দেখা পাওয়া যায় মর্মে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই সময় বনে প্রায় সাত হাজার বানর ছিল। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের কারড্রিপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিটিস পরিচালিত জরিপে এই বনে ২১ প্রকার বন্য প্রাণীর অস্তিত্বের কথা বলা হয়। ওই জরিপে বনাঞ্চল সাবাড়, অবৈধভাবে বন্য প্রাণী শিকার এবং লোকালয় সম্প্রসারিত হওয়ায় বন্য প্রাণীদের এই দুরবস্থা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
তা ছাড়া ওই প্রকাশনায় আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের ডিসেম্বরে মধুপুর বনে আট হাজার একর এলাকায় (যেখানে এখনো প্রাকৃতিক বনের অস্তিত্ব রয়েছে) বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপে এখানে ১৭ প্রজাতির বন্য প্রাণী এবং ৪৭ প্রজাতির পাখির অস্তিত্ব পাওয়া গেছে।
সম্প্রতি মধুপুর বনের রসুলপুর, গায়রা, জলই, রাজাবাড়ী, জলছত্র, বেরিবাইদ, থানারবাইদ, টেলকী, চুনিয়া, ঘুঘুর বাজার, লুহুরিয়াসহ আরও কয়েকটি এলাকা ঘুরে শুধু লুহুরিয়া ও জলই এলাকায় কয়েকটি হনুমান ও বানর চোখে পড়ে।
টাঙ্গাইল বন বিভাগ সূত্র জানায়, মধুপুর বনে কতসংখ্যক বন্য প্রাণী আছে, তাদের কাছে সে তথ্য নেই। তবে বনের লুহুরিয়া এলাকায় বন বিভাগের উদ্যোগে একটি হরিণ প্রজননকেন্দ্র রয়েছে। এখানে ৭০টি হরিণ ও কিছু বানর রয়েছে।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানা বলেন, এসব হরিণ ও বানরের খাবারের জন্য মাসে পাঁচ হাজার টাকা বরাদ্দ রয়েছে, যা খুবই অপ্রতুল। বর্ষা মৌসুমে হরিণগুলো ঘাস পায়, কিন্তু শুষ্ক মৌসুমে এগুলো খাদ্যাভাবে পড়ে।