মধুপুরে শত দামা ওয়ানগালা উৎসব, উদ্যাপন
টাঙ্গাইলের মধুপুরের আদিবাসীরা শত দামা (আদিবাসী ঢোলক) ওয়ানগালা উৎসব উদ্যাপন করেছেন।
প্রতিবছর আদিবাসী গারোরা এখানে ওয়ানগালা উদ্যাপন করেন। কিন্তু এবারই প্রথম শত দামা বাজিয়ে এ উৎসব উদ্যাপিত হলো।
গতকাল শুক্রবার দিনব্যাপী উৎসব উদ্যাপন করা হলেও গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক উৎসবের উদ্বোধন করেন।
মধুপুর গড় এলাকার ১০টি অঞ্চল থেকে গারো আদিবাসীরা আসেন সাংস্কৃতিক দল নিয়ে। প্রতিটি দল ১০টি করে দামা নিয়ে আসে।
১০টি দলের ১০০ জন বাদক দামা বাজাতে বাজাতে জলছত্র কর্পোস খৃস্টি হাইস্কুল মাঠের চারপাশ চক্রাকারে প্রদক্ষিণ করেন। আর মাঠের মাঝখানে ১০ অঞ্চলের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এভাবেই গতকাল শুক্রবার শুরু হয় ওয়ানগালা উৎসবের সাংস্কৃতিক পর্ব। পরে দিনব্যাপী প্রতিটি দল পৃথকভাবে তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।
গতকাল উৎসবে প্রধান অতিথি ছিলেন পীরগাছা ধর্মপল্লির পাল পুরোহিত ফাদার ইউজিন হোমরিক। অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং প্রমুখ।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক জানান, শত দামা ওয়ানগালা ভারতের মেঘালয়েই হয়ে থাকে। মধুপুরে এই প্রথম এত বড় আকারের উৎসব হলো।