মধুপুরে স্বর্ণ ব্যবসায়ী মাগুরায় চরমপন্থীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুর ও মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল রোববার সকালে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মধুপুরের আউশনারা ইউনিয়নের টনকিআটা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০) ও শ্রীপুরের মোল্লাডাঙ্গা গ্রামের সুব্রত সরকার (৩০)। শ্রীপুর থানা পুলিশের দাবি, সুব্রত চরমপন্থী সংগঠন সর্বহারা সদস্য এবং শ্রীপুর থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, টনকিআটা গ্রামের নুরুল ইসলামের দিগরবাইদ বাজারে স্বর্ণালংকারের দোকান রয়েছে। গত শনিবার রাতে তিনি দোকান থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে দিগরবাইদ বাজারের পাশের একটি বাঁশবাগানে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে নুরুলের লাশ উদ্ধার করে। ওসি গতকাল বিকেলে জানান, নুরুলের গলায় নাইলনের রশি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।শ্রীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সুব্রত সরকার চরমপন্থী সন্ত্রাসী। শনিবার রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী তাঁকে বাখেরা গ্রামের বটতলা এলাকা থেকে তুলে নিয়ে যায়। গতকাল সকালে পার্শ্ববর্তী দেবীনগর গ্রামের পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ চরমপন্থী সন্ত্রাসীদের হাতে সুব্রত খুন হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।