মধুপুরের আট ইউপির নির্বাচনে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নবগঠিত পাঁচটিসহ আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটার তালিকা বিভাজনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ কারণে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
উপজেলা পরিষদ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছয়টি ইউপি ছিল। ২০১৫ সালে এর মধ্যে অরণখোলা, আউশনারা ও শোলাকুড়ি ইউপি ভেঙে আরও পাঁচটি ইউপি করা হয়। অরণখোলা ভেঙে হয়েছে অরণখোলা, বেরীবাইদ ও পোড়াগাছা ইউপি। আউশনারা ভেঙে হয়েছে আউশনারা, মহিষমারা ও কুড়ালিয়া ইউপি। শোলাকুড়ি ভেঙে হয়েছে শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউপি। এ ছাড়া আলোকদিয়া, গোলাবাড়ি ও মির্জাবাড়ি ইউপি আগের মতোই আছে। এই তিনটি ইউপির নির্বাচন গত বছরের ৭ মে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নবগঠিত ইউপিগুলোর নির্বাচন কবে হবে তা কেউ বলতে পারছেন না। আগের পরিষদই দায়িত্ব পালন করছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি ইউপি ভাগ করে আটটি করা হলেও ভোটার তালিকা বিভাজনের কাজ সম্পন্ন হয়নি। তাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে না।
এদিকে প্রার্থী হতে ইচ্ছুক এমন অনেকে গণসংযোগ করছেন। তবে নির্বাচন কবে হবে, এ নিয়ে তাঁরা হতাশ। অরণখোলা ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম বলেন, এক বছরের বেশি সময় ধরে গণসংযোগ করতে হচ্ছে। ১ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভায় আট ইউপিতে দল-মনোনীত প্রার্থীরা স্থানীয় সাংসদ আব্দুর রাজ্জাকের কাছে নির্বাচন নিয়ে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষ-অধ্যুষিত এলাকায় ইউপির সংখ্যা বেড়েছে। এ ইউপিগুলোতে নির্বাচন হলে তাঁদের জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে। কিন্তু নির্বাচন না হওয়ায় তাঁরা হতাশ।
নবগঠিত ফুলবাগচালা ইউপির কালিয়াকুড়ি গ্রামের ফারুক হোসেন বলেন, ইউপি ভাগ হলেও নির্বাচন হয়নি। আগের পরিষদই দায়িত্ব পালন করছে। জনপ্রতিনিধিরা নিজ নিজ ইউপিতেই কাজ করতে বেশি আগ্রহী। নবগঠিত ইউপির এলাকার দিকে তেমন নজর দিচ্ছেন না।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ভোটার তালিকা বিভাজন করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নতুন তালিকার সিডি এলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকবে না।