মধুপুরের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০
টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। নিহত লোকজনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। আজ বুধবার দুপুর একটার দিকে পৌর এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের আশুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টেম্পোর যাত্রী সালমা বেগম (৩০) এবং তাঁর দুই ছেলে সাদিকুল (১২) ও সামিউল(৭), রহিমা খাতুন (৫০), হাবিবুর রহমান (৫৫), ফিরোজা বেগম (৪০), সাজিদ হোসেন (৩০), টেম্পোর চালক আবদুল কাদের (৫০) এবং হেনা আক্তার (৩৫) নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিহত হেনা আক্তারের মেয়ে এশা (১০) মারা যায়।
এসআই আলমগীর আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে। গতিরোধক নির্মাণের দাবিতে তারা বিক্ষোভ করে। বেলা দুইটার দিকে মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিব উল্লাহ ঘটনাস্থলে যান। তাঁদের অনুরোধে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মধুপুর থানায় একটি মামলা হয়েছে।