মধুবাগে বস্তিতে আগুন, শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার একটি বস্তিতে আজ শনিবার সকালে আগুন লেগে তিন শতাধিক ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে এক শিশু।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটা ১৫ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। স্থানীয় লোকজনের সহায়তায় দুই ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়।
রুঞ্জিনা নামের স্থানীয় একজন বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নেভানোর চেষ্টা করেছি। যখন দেখেছি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না, তখন ফায়ার সার্ভিসে খবর দিয়েছি। আগুনে বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে।’
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পরপরই আমরা এখানে চলে আসি। মহাখালী, রমনা, বনানী ও তেজগাঁও ফায়ার স্টেশনের ১১টি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।’
ফায়ার সার্ভিসের কর্মী হাবিব আড়াই বছরের শিশু সবুজকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের ভাষ্য, আগুন কীভাবে লেগেছে, তার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো সম্ভব হবে।
বস্তির অধিকাংশ বাসিন্দার দাবি, বস্তির একাংশের মালিক মহিউদ্দিন বাবুলের ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত। ওই আগুন তাঁর ঘরের পাশে থাকা গ্যাস ও বিদ্যুতের লাইনে ছড়িয়ে পড়ে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়।
বস্তির বাসিন্দাদের এ বক্তব্য নাকচ করে মহিউদ্দিন বাবুল দাবি করেন, বস্তির অন্য পাশের ঘর থেকে আগুন লেগেছে।
মহিউদ্দিন বাবুলের ভাষ্য, ১০ বছর ধরে তিনি এখানে আছেন। ভাই মানিক ও বোন আকলিমা আকতারের সঙ্গে মিলে সাড়ে আট কাঠা জায়গাজুড়ে দেড় শর মতো ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন তিনি। এসব ঘরের বাসিন্দাদের বেশির ভাগই পোশাক কারখানার শ্রমিক। এ ছাড়া রিকশাচালকও রয়েছেন। আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেলেও বাবুলের বোন আকলিমার পাকা ঘরটি অক্ষত আছে।
তিন বিঘার ওপর বিস্তৃত ওই বস্তিতে কাঠ ও টিন দিয়ে তৈরি সব মিলিয়ে ছোট ছোট ৮০০-৯০০ ঘর রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন নিহত সবুজের মা মর্জিনা বেগমকে ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত সবাইকে তিন হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। আজ সরকারি ছুটি হওয়ায় আগামীকাল এ অর্থ দেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ খাবারের ব্যবস্থা করা হয়েছে।