মধুভক্তদের পদচারণে জমে উঠেছে মেলা
হাজারও ভক্তের পদচারণে মুখরিত হয়ে উঠেছে মধুমেলা। মেলার পঞ্চম দিনেই সাগরদাঁড়ি পরিণত হয়েছে মধুপ্রেমীদের মিলনমেলায়। কবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। কাল বৃহস্পতিবার মেলার শেষদিন। সাগরদাঁড়ি ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মধুমঞ্চে বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও উন্মুক্ত মঞ্চে মঞ্চস্থ হয় যাত্রাপালা। এ ছাড়া জারি, অষ্টক, পালাগান, ঢোল বাদনসহ বাঙালি সংস্কৃতি ও লোকজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এ ছাড়া কৃষিমেলা, সার্কাস, মৃত্যুকূপ, নাগরদোলা, জাদু প্রদর্শনী দর্শকদের বিনোদনে ভিন্নমাত্রা যোগ করেছে। সব মিলিয়ে সাগরদাঁড়ি এখন জমজমাট হয়ে উঠেছে। তবে এবারই প্রথম মেলায় শিশু ও কবি সমাবেশের আয়োজন করা হয়। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক মেলায় সার্বিক সহায়তা দিচ্ছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব খসরু পারভেজ বলেন, ‘মেলার ব্যতিক্রমী দিক হচ্ছে এক দিনের কবি সমাবেশ ও এক দিনের শিশু সমাবেশ।’ তিনি মনে করেন, বইয়ের আলাদা একটি প্যান্ডেল করতে পারলে মেলাটি অন্য রকম প্রাণ পেত।মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা বলেন, ‘জাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য হয়েছে জানতে পেরে ১৬টি প্যান্ডেল পুলিশ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সবার সহযোগিতা পেলে মেলাকে অশ্লীলতামুক্ত করতে আমরা বদ্ধপরিকর।’