মধুমতী গিলছে শিয়রবর বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামে এক সপ্তাহে বাজারের ১৭টি গুদামঘর ও দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন চলছে। এতে অনেক স্থাপনা হুমকির মধ্যে রয়েছে l ছবি: প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামে এক সপ্তাহে বাজারের ১৭টি গুদামঘর ও দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন চলছে। এতে অনেক স্থাপনা হুমকির মধ্যে রয়েছে l ছবি: প্রথম আলো

মধুমতী নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে নড়াইলের লোহাগড়ার শিয়রবর বাজার। এক সপ্তাহে ১৭টি গুদামঘর ও দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। এতে জীবিকা বন্ধ হওয়ার আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তরে শালনগর ইউনিয়নে পড়েছে বাজারটি। ভাঙন চলছে সেখানে। তড়িঘড়ি করে বাজারের ঘর ও মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ভাঙনের কারণে পশ্চিম দিকে পিছিয়ে যাচ্ছে বাজারটি।
শিয়রবর বাজার বণিক সমিতি জানায়, ১৫ নভেম্বর থেকে ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে বাজারের ১১টি পাট ও মৌসুমি ফসল রাখার গুদামঘর এবং ছয়টি বিভিন্ন ধরনের দোকান নদীতে বিলীন হয়ে গেছে। এবার বর্ষা ও শরতে ভাঙন হয়নি। আকস্মিকভাবেই এখন শুরু হয়েছে।
গত বুধবার সকালে দেলোয়ার হোসেনের পাটের গুদামঘরটি টেনে নিচ্ছিল মধুমতী। সেটিকে রক্ষায় তাঁকে সাহায্য করছিলেন অন্য ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে সেটি নদীতে চলে যায়। এ সময় দেলোয়ারসহ আহত হন চারজন। এঁদের মধ্যে গুরুতর আহত মিরাজকে (২১) নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়।
আরও তিনটি গুদামঘর ভাঙনের মুখে। একটি গুদামের মালিক বাকর শিকদার বলেন, ‘গুদামঘরটি ভাড়া দিয়ে আয় হয়। মালামাল মালিকেরা সরিয়ে নিয়েছেন। এখন ঘরটি ভেঙে নেব কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ঘর না থাকলে আয়ের কোনো পথ নেই।’
ব্যবসায়ীরা বলেন, গত বছর বর্ষায় ২৬টি দোকান, পাঁচটি সরকারি চান্দিনা, বিশ্রামাগার, বঙ্গবন্ধু পাঠাগার, কসাইখানা, মসজিদ, বাজারের প্রবেশ সড়ক এবং বাজারের বিদ্যুৎ লাইনের পাঁচটি খুঁটি নদীতে চলে গেছে। একই সময় শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নদী গর্ভে চলে যায়। বিদ্যালয়টির আশ্রয় হয়েছে শিয়রবর আজিজ-আশরাফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় চত্বরে।
শিয়রবর বাজার বণিক সমিতির সহসভাপতি মসিউর রহমান জানান, তিন বছর আগেও ছিল এ বাজারে ১০২টি দোকান। এখন আছে মাত্র ৩৭টি। সেগুলোও হুমকির মধ্যে পড়েছে।
শালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের (বাজার এলাকা) সদস্য আনিচুর রহমান বলেন, প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা বারবার এখানে এসে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কোনো খবর নেই।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, বাজার রক্ষায় জলবায়ু ট্রাস্ট তহবিলের আওতায় ২০০৮ সাল থেকে প্রতিবছর প্রস্তাব পাঠানো হয়। গত বছরও প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু কোনো সাড়া নেই।