মধুমতী থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনের লাশ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতী নদী থেকে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এক ছাত্রলীগ নেতাসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সবুজ আহমেদ (২৩) ও নড়াইলের বাসিন্দা বাবু মীনা (৪৫)। এ নদীতে পড়ে শেখ সবুজ প্রায় পাঁচ ঘণ্টা ও বাবু মিনা প্রায় চার দিন নিখোঁজ ছিলেন। নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় কাশিয়ানী থানার পুলিশ।
পারিবারিক সূত্র ও কাশিয়ানী থানার পুলিশ জানায়, নিহত শেখ সবুজ সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঢাকার মহাখালী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তাঁর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামে। গত মঙ্গলবার মাসহ গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। গত বুধবার সন্ধ্যার দিকে শেখ সবুজ দলীয় নেতা-কর্মীদের বিদায় জানাতে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে যান। সেখানে তিনি মুঠোফোনে কথা বলতে থাকেন। একপর্যায়ে কথা বলতে বলতে তিনি ফেরিঘাটে পন্টুনের দিকে যান। একপর্যায়ে তিনি ফেরি ও পন্টুনের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে নদীতে পড়ে যান। প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে ওই দিন রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফেরিঘাটের পাশে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, এটি একটি দুর্ঘটনা। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবুজের ফুফাতো ভাই মুস্তাফিজুর রহমান বলেন, দুই ভাইবোনের মধ্যে শেখ সবুজ ছিলেন বড়। গতকাল দুপুরে তাঁর লাশ গ্রামের বাড়িতে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
কাশিয়ানী থানার পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মধুমতী নদী থেকে বাবু মীনার লাশ উদ্ধার করা হয়। বাবু মীনার গ্রামের বাড়ি নড়াইলের বাঁশগ্রামে। তিনি চট্টগ্রামে থাকতেন। সেখানে তাঁর পরিবার ও আত্মীয়স্বজনও থাকেন। গত ২৭ সেপ্টেম্বর স্বজনদের নিয়ে তিনি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কাশিয়ানীর কালনা ফেরিঘাটে যান। ফেরিতে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। ঘাট ছেড়ে কিছুদূর যাওয়ার পর হঠাৎ ফেরি থেকে পড়ে যান বাবুর আট বছরের ভাতিজা রোমান মীনা। ভাতিজাকে বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। ফেরির অন্য লোকেরা চেষ্টা চালিয়ে ভাতিজা রোমানকে জীবিত উদ্ধার করলেও বাবুর কোনো হদিস পাননি। চার দিন ধরে চেষ্টা চালিয়ে কালনা ফেরিঘাটের অদূরে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।