মধুমতী নদী থেকে বেড়া উচ্ছেদ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জালের যে দুটি বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছিল তার একটি ভেঙে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। গতকাল তিনি অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর ঘাট এলাকার বেড়াটি অপসারণ করেন।
চারজন প্রত্যক্ষদর্শী জানান, অভিযান শুরু হওয়ার আগেই মাছ ধরার কাজে নিয়োজিত ব্যক্তিরা পালিয়ে যান। অভিযান শেষ হয় বেলা তিনটায়।
ইউএনও প্রথম আলোকে বলেন, দিগনগর ঘাট এলাকার বেড়াটি অপসারণ করা হয়েছে। এ সময় জব্দ করা প্রায় ৪০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া উদ্ধার করা প্রায় দুই শতাধিক বাঁশ নিলামে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবদুলাল সাহা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানও অংশ নেন।
প্রসঙ্গত, গত শুক্রবার প্রথম আলোয় ‘মধুমতী নদীতে বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।